“কে বলে দেবে কখন বেরোব, কী পরব?” ১৪ অগাস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রা পালের

“কে বলে দেবে কখন বেরোব, কী পরব?” ১৪ অগাস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রা পালের

স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহরের বুকে আরও এক ‘রাত দখলে’র সাক্ষী থাকতে চলেছে কলকাতা। নারী নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরার অধিকার এবং রাতের শহরে মহিলাদের অবাধ উপস্থিতির বার্তা দিতে এই বিশেষ কর্মসূচির ডাক দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আগামী ১৪ অগাস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন স্কুলের সামনে থেকে এই মিছিল শুরু হবে। মন্ত্রী নিজেই এই মিছিলের নেতৃত্ব দেবেন। বালিগঞ্জ শিক্ষাসদন থেকে শুরু হয়ে ওভারব্রিজ দিয়ে মিছিলটি যাবে গোলপার্ক পর্যন্ত। সেখান থেকে আবার ব্রিজের নিচ দিয়ে বালিগঞ্জ শিক্ষাসদনেই এসে শেষ হবে এই পদযাত্রা। স্কুলপড়ুয়া থেকে শুরু করে সংবাদকর্মী এবং ৮ থেকে ৮০ বছর বয়সী সমস্ত মা-বোনদের এই মিছিলে যোগ দেওয়ার জোর আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহিলাদের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে রীতিমতো সুর চড়ান। সমাজে মহিলাদের পোশাক, বাড়ি ফেরার সময় কিংবা জীবনযাত্রার ওপর যেভাবে নানা সামাজিক বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তার তীব্র প্রতিবাদ জানান তিনি। ক্ষোভ উগরে দিয়ে পুরমন্ত্রী বলেন, “কে বলে দেবে কখন বেরোব, কখন ঢুকব, কী পরব? এসব আমরা শুনতে পারব না। মহিলাদের সুরক্ষা ও ভীতিহীন পরিবেশ দেওয়া সরকারের দায়িত্ব।”

একই সাথে, অতীতে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের ক্ষেত্রে যেভাবে বারবার মহিলাদের পোশাক বা চরিত্র নিয়ে আঙুল তোলা হয়েছে, সেই মানসিকতাকেও কঠোর ভাষায় আক্রমণ করেন তিনি। সব ধরনের বাধা-বিপত্তি ভেঙে নারীদের এই অধিকার রক্ষার মিছিলে সামিল হওয়ার বার্তা দিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *