জীবিতকে মৃত দেখিয়ে পিএফের টাকা আত্মসাৎ? চাঞ্চল্যকর অভিযোগ

জলপাইগুড়ির পিএফ আঞ্চলিক অফিসে ভুয়ো ডেথ সার্টিফিকেট ব্যবহার করে টাকা তুলে নেওয়ার ভয়াবহ অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে জীবিত চা শ্রমিকদের কাগজ-কলমে ‘মৃত’ দেখিয়ে প্রভিডেন্ট ফান্ড ও বিমার অর্থ আত্মসাৎ করছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছে। অভিযোগের বড় একটি অংশ পিএফ অফিসের একাংশ কর্মী ও বাগান কর্তৃপক্ষের যোগসাজশের দিকে।
বিজেপি ও সিটু নেতৃত্বের দাবি, স্থানীয় জনপ্রতিনিধিদের সই ছাড়া এমন জালিয়াতি আসাম্ভব। ২০০৬ থেকে ২০১৮ সালের মধ্যে একাধিক শ্রমিককে মৃত দেখিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে। যদিও জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ কমিশনার পবনকুমার বনসাল জানিয়েছেন, অতীতের একটি ঘটনার কথা জানা গেলেও ২০২৪ সালের পর এমন কোনো জালিয়াতি হয়নি। তবে সিটু ও তৃণমূল শ্রমিক নেতৃত্বের স্পষ্ট দাবি, এই জালিয়াতির গভীরে গিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।