কলকাতা হাইকোর্টের বড় রায়: ২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত OBC সার্টিফিকেট বাতিল

বিশেষ প্রতিবেদন: তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে দেওয়া সমস্ত অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) সার্টিফিকেট বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই ঐতিহাসিক নির্দেশ দেয়। আদালতের স্পষ্ট নির্দেশ, রাজ্যে আর আলাদা করে ‘OBC-A’ বা ‘OBC-B’ বলে কোনো ক্যাটাগরি থাকবে না। তবে ২০১০ সালের পূর্বে ইস্যু করা OBC সার্টিফিকেটগুলি যথারীতি বৈধ বলে গণ্য হবে।
মামলার ইতিহাস ও ব্যাকগ্রাউন্ড: উল্লেখ্য, ২০১০ সালে তৎকালীন রাজ্য সরকার OBC শ্রেণিকে ‘A’ এবং ‘B’—এই দুটি ভাগে বিভক্ত করেছিল। পরবর্তীতে তৃণমূল সরকারের আমলে নতুন ৬৬টি সম্প্রদায়কে OBC তালিকার অন্তর্ভুক্ত করা হয়। তবে এই নতুন অন্তর্ভুক্তি এবং শংসাপত্র প্রদানে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।
২০২৪ সালে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর ইস্যু করা সমস্ত OBC সার্টিফিকেট ও নতুন ৬৬টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাতিল করার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তৎকালীন তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলে শীর্ষ আদালত এতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়।
বর্তমান পরিস্থিতি ও সরকারের সিদ্ধান্ত: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় এসে OBC সংরক্ষণ নীতিতে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সরকার ‘OBC-A’ এবং ‘OBC-B’ ক্যাটাগরি তুলে দিয়ে শুধুমাত্র একক ‘OBC’ ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি, পূর্বতন সরকারের ১৭ শতাংশ OBC সংরক্ষণ কমিয়ে পুনরায় আগের ৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
বর্তমান রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলাটি প্রত্যাহার করে নেয় এবং ৭৪টি সম্প্রদায়কে বাদ দিয়ে ৬৬টি জনজাতিকে যুক্ত করে একটি নতুন OBC তালিকা প্রকাশ করে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ও সার্বিক পর্যালোচনার ভিত্তিতেই বুধবার কলকাতা হাইকোর্ট ২০১০ সাল থেকে তৃণমূল সরকারের আমলে ইস্যু হওয়া সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করার চূড়ান্ত রায় দেয়। আদালতের নির্দেশে নিশ্চিত করা হয়েছে যে, ২০১০ সালের আগের শংসাপত্রধারী সাধারণ নাগরিকরা এতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না।