বুড়িমার সোনা-প্রণামী ‘আত্মসাৎ’! ডিম ছোঁড়া, হট্টগোলের মাঝে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

কৃষ্ণনগর: তোলাবাজি, মারধর ও হুমকির পাশাপাশি কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী চাষাপাড়ার ‘বুড়িমা’র প্রণামী ও সোনার গয়না তছরূপের গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেন কৃষ্ণনগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গৌতম ঘোষ।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় বরাবরই প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এই গৌতম ঘোষ। অতীতে শাসকদলের রাজ্য পর্যায়ের একাধিক হেভিওয়েট নেতা ও প্রাক্তন মন্ত্রীদের সাথে তাঁর ভালো ঘনিষ্ঠতা ছিল বলে দাবি স্থানীয়দের। তবে সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও ভয় দেখানোর নানা অভিযোগ উঠতে শুরু করে।
বহু বছর ধরে চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী পুজো কমিটির গুরুত্বপূর্ণ সম্পাদক পদে ছিলেন গৌতম। অভিযোগ, সেই পদকে কাজে লাগিয়েই বুড়িমার প্রণামীর টাকা ও সোনা-গয়না আত্মসাৎ করেন তিনি। সম্প্রতি নতুন পুজো কমিটি গঠিত হলে তাঁকে সেখান থেকে বাদ দেওয়া হয়।
বুধবার দুপুরে কোতোয়ালি থানার পুলিশ তাঁকে আটক করে। দিনভর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। হাসপাতাল চত্বরে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে বিক্ষুব্ধ জনতা।
এরপর ধৃত প্রাক্তন কাউন্সিলরকে নদিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। একসময় প্রভাবশালী হিসেবে পরিচিত এই তৃণমূল নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে বর্তমানে নদিয়ার রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।