আরজি কর কাণ্ডে নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই উল্লাস জলহাটিতে, আবির খেলায় মাতলেন এলাকাবাসী!

আরজি কর কাণ্ডে নির্যাতিতার দেহ দ্রুত সৎকার ও প্রমাণ লোপাটের অভিযোগে জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই বাঁধভাঙা উল্লাসে মেতে উঠলেন স্থানীয় বাসিন্দারা। ওড়িশা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করার খবর পৌঁছতেই জলহাটিতে শুরু হয় উৎসবের মেজাজ। এলাকায় আবির খেলা, ঢোল বাজিয়ে নাচ এবং মিষ্টিমুখ করানোর পাশাপাশি নির্মল ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে ও কাদা মাখিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ও বিজেপি কর্মীরা।
প্রসঙ্গত, পরিবারের সই ছাড়াই তড়িঘড়ি দেহ সৎকারের অভিযোগে মৃতের বাবার দায়ের করা মামলার সূত্র ধরেই এই পদক্ষেপ করেছে পুলিশ। জলহাটিবাসীর দাবি, এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো এই নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি, এই ঘটনায় অভিযুক্ত ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়েরও দ্রুত গ্রেপ্তারি দাবি করেছেন তাঁরা।