হুঁশিয়ারির ২৪ ঘণ্টাতেই দুঃসাহস! খাস কলকাতায় ভাঙা হলো নেতাজির মূর্তি, কাঠগড়ায় দুষ্কৃতীরা

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে টানা বিতর্কিত ও অপমানজনক মন্তব্যের মাঝেই এবার খাস কলকাতায় ভাঙা হলো তাঁর মূর্তি। নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নেতাজির একটি মূর্তির ডান হাত রাতের অন্ধকারে গুঁড়িয়ে দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র চঞ্চল্যের সৃষ্টি হয় পুরো এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
উল্লেখ্য, নেতাজিকে আসাম্মান করার বিষয়ে আগের দিনই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়া বা প্রকাশ্যে নেতাজির বিরুদ্ধে বিষোদ্গার বরদাস্ত করা হবে না জানিয়ে পুলিশকে কড়া আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই বার্তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই খাস কলকাতায় দেশনায়কের মূর্তি ভাঙচুরের এই দুঃসাহসিক ঘটনাটি ঘটল।
বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত মূর্তির পাদদেশে ব্যানার ও পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। ‘ভারত মাতা কি জয়’ এবং ‘নেতাজির অপমান সহ্য করা হবে না’—এই স্লোগানে সরগরম হয়ে ওঠে নিউ আলিপুর এলাকা। ক্ষুব্ধ এক বিজেপি কর্মীর দাবি, নেতাজির ওপর আক্রমণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলাতেই প্রতিশোধ নিতেই তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত স্থান সংস্কার করে নতুন মূর্তি বসানো হবে এবং আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে সেখানে শ্রদ্ধা জানানো হবে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই প্রকাশ্য সভা ও সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে নিয়ে আসাম্মানজনক মন্তব্য ঘিরে বিতর্ক চরমে উঠেছে। এর আগে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকে রাজনৈতিক পারদ আরও চড়েছে। তবে এত বিতর্কের পরও নিজের অবস্থানে অনড় থেকে তিনি তৎকালীন কংগ্রেস সরকার ও জওহরলাল নেহরুকেই সমস্ত ঘটনার জন্য দায়ী করেছেন।