জলপথে রুখে দেওয়া হবে অনুপ্রবেশ! স্বাধীনতা দিবসে মুর্শিদাবাদ সীমান্তে স্পিডবোটে টহল বিএসএফ-এর

নিজস্ব সংবাদদাতা: আসন্ন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অপ্রীতিকর ঘটনা রুখতে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বিশেষ করে মুর্শিদাবাদের নদীপথ ও চরাঞ্চলে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়ন এবং রঘুনাথগঞ্জ থানার পুলিশ যৌথভাবে রঘুনাথগঞ্জের বয়রা ঘাট ক্যাম্প থেকে জলপথে বিশেষ টহলদারি শুরু করেছে। পদ্মা নদীর দুর্গম চর ও বাঁকগুলোতে স্পিডবোটের সাহায্যে দিনরাত সজাগ দৃষ্টি রাখা হচ্ছে, যাতে সীমান্ত পার হয়ে কোনো সন্দেহভাজন দেশে প্রবেশ করতে না পারে।
সীমান্তের সুরক্ষাকে সুসংহত করতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজও জোরকদমে চলছে। তবে অতিরিক্ত বৃষ্টি ও নদীগর্ভের চরাঞ্চলের ভৌগোলিক জটিলতার কারণে কিছু এলাকায় এখনও বেড়া দেওয়ার কাজ আটকে রয়েছে। বর্ষা শেষ হলেই সেই কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। আপাতত এই অরক্ষিত এলাকাগুলোতে বাড়তি টহলদারির মাধ্যমেই নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে।
নজরদারির পাশাপাশি বিএসএফের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির প্রচার চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সচেতনের পাশাপাশি প্রতিটি ঘরে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের জন্য উৎসাহ দিচ্ছেন বিএসএফ ও পুলিশের আধিকারিকরা।