মর্মান্তিক ঘটনা: খেলার ছলে নেমে এল বিপর্যয়, নিজের চার ভাগ্নি-ভাইজিকে কুপিয়ে মারাত্মক কাণ্ড মামার!

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সুতি থানার রঘুনাথপুর গ্রামে এক নারকীয় ও মর্মান্তিক ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের পরিবারেরই চার শিশুকন্যাকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুনের চেষ্টা চালানোর অভিযোগ উঠল ২১ বছরের যুবক গোলাম সারওয়ার ওরফে বাদশার বিরুদ্ধে। ধারালো অস্ত্রের কোপে মণিফা খাতুন (৫) নামে এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
গুরুতর আহত বাকি তিন শিশু—ইসরাত পারভিন (১১), নুসরাত জাহান (৬) এবং আনিসা খাতুন (৭)-কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনজনের শরীরেই একাধিক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে এবং তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ও আহত শিশুরা সম্পর্কে অভিযুক্ত যুবকের ভাইজি এবং ভাগ্নি। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার বিকেলে তারা বাদশার বাড়ির উঠোনে খেলা করছিল। হঠাৎই বাদশা ধারালো হাঁসুয়া নিয়ে তাদের ওপর চড়াও হয়। ঘটনার সময় বাড়িতে তার বৃদ্ধ বাবা ছিলেন না।
পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে। তল্লাশি চালিয়ে তার ঘর থেকে বেশ কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট (অবসাদরোধী) ওষুধ উদ্ধার হয়েছে। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান, চরম মানসিক অবসাদ বা মানসিক ভারসাম্য হারানোর কারণেই হয়তো এই মর্মান্তিক কাণ্ড ঘটিয়েছে যুবকটি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।