‘নেতাদের অর্ধেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা!’ সোনাম ওয়াংচুকের শান্তিপূণ ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’-এর আহ্বান

স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে দেশের রাজনৈতিক ব্যবস্থায় আমূল সংস্কারের ডাক দিয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক। ২০৪৭ সালের মধ্যে দেশকে এক অনন্য ও সম্মানজনক উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি দেশের সাধারণ নাগরিকদের নিয়ে একটি শান্তিপূর্ণ ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’-এর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ একটি পোস্টে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে দেশের নির্বাচিত প্রতিনিধিদের প্রায় অর্ধেকের বিরুদ্ধেই নানা ফৌজদারি মামলা রয়েছে এবং প্রায় এক-তৃতীয়াংশের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও অপহরণের মতো মারাত্মক অভিযোগ ঝুলছে। এই পরিস্থিতি জনগণের মনে রাজনীতির প্রতি চরম অবিশ্বাস তৈরি করছে বলে জানান তিনি।
এই অবস্থা বদলাতে ২০৪৭ সালের শতবর্ষের মাইলফলককে সামনে রেখে রাজনৈতিক নেতৃত্ব ও নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ওপর জোর দিয়েছেন ওয়াংচুক। সমাজের নানা স্তরের সৎ, নির্ভীক ও নিঃস্বার্থ মানুষদের রাজনীতিতে এগিয়ে আসার আবেদন জানিয়ে তিনি নাগরিকদের নিজ নিজ এলাকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করতে বলেছেন।
পাশাপাশি ঝাড়খণ্ডের পিসিএস (JPSC) ও সিজিএল (JSSC CGL) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতোর সঙ্গে কথা বলে তাঁকে অনশন কিছুটা শিথিল করার অনুরোধ জানান। প্রসঙ্গত, এর আগেও জুনে দিল্লির যন্তর মন্তরে পরীক্ষা দুর্নীতির প্রতিবাদে ছাত্র আন্দোলনে সামিল হয়েছিলেন সোনাম ওয়াংচুক। স্বাধীনতা দিবসের আগে তাঁর এই বার্তায় নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনা শুরু হয়েছে।