ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ফের ভাসবে বাংলা, বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপ, আপনার জেলায় লাল সতর্কতা নেই তো?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে কিছুটা দুর্বল হলেও কাটেনি দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষাকালীন অক্ষরেখা এবং উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। এর সরাসরি প্রভাব পড়বে রাজ্যজুড়ে। ১৫ থেকে ১৮ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর দরুন বঙ্গোপসাগর অত্যন্ত উত্তাল থাকায় উপকূলীয় অঞ্চলে ৩৫-৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দুর্ঘটনা এড়াতে আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুর্যোগের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে আগামী সোমবার। ঐ দিন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু এলাকায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়া পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় লাল ও কমলা সতর্কতার পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পিছিয়ে নেই উত্তরবঙ্গও; জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পঙে শুক্রবার পর্যন্ত একটানা ভারী বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।