আইআইটি খড়্গপুরে মেধাবী ছাত্রের রহস্যমৃত্যু, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? চাঞ্চল্যকর দাবি পরিবারের!

খড়্গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অঙ্কিত শর্মার (১৯) রক্তাক্ত দেহ নালন্দা কমপ্লেক্সের নীচ থেকে উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান এটি দুর্ঘটনা হলেও, মৃতের পরিবার সরাসরি খুনের অভিযোগ তুলেছেন। শুক্রবার রাজস্থান থেকে খড়্গপুরে পৌঁছে অঙ্কিতের জেঠু দাবি করেন, ভবনের চার ফুট উঁচু রেলিং পেরিয়ে অসাবধানতাবশত পড়ে যাওয়া বা আত্মহত্যা করা অঙ্কিতের পক্ষে আসাম্ভব। মৃত্যুর আধঘণ্টা আগেও বাবার সাথে হাসিখুশি কথা বলা এবং ক্লাসের ঠিক মুখে এমন ঘটনা ঘটায় পরিবার নিশ্চিত যে তাঁকে তিনতলা থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজের অভাব ও সহপাঠীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে, আইআইটি কর্তৃপক্ষ ঘটনাটিকে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে একটি অভ্যন্তরীণ তদন্ত দল গঠন করেছে। পুলিশ ঘটনার সবদিক খতিয়ে দেখলেও, গত ২০ মাসে ক্যাম্পাসে এটি দশম অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, যা নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। সাম্প্রতিককালে ক্যাম্পাসে মাদক পাচারের অভিযোগে এক কর্মীর গ্রেপ্তারির পর, এই ঘটনার পেছনে মাদক সংক্রান্ত কোনো অপরাধের হাত রয়েছে কি না, সে দিকটিও পুলিশ উড়িয়ে দিচ্ছে না। মেদিনীপুর মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানতে খড়্গপুর টাউন থানার পুলিশ তদন্ত জারি রেখেছে।