‘সার্কাসে হাতির দরকার…’: বয়স ও চেহারা নিয়ে ট্রোল করতেই নেটিজেনকে তুলোধোনা ইন্দ্রাণী হালদারের!

সোশ্যাল মিডিয়ায় তারকাদের বয়স ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষের ঘটনা নতুন নয়। তবে এবার ট্রোলারদের কড়া জবাব দিয়ে মুখ বন্ধ করালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। সম্প্রতি শারীরিক অসুস্থতা কাটিয়ে ওজন ঝরিয়ে নতুন ফটোশ্যুটের ছবি পোস্ট করতেই এক নেটিজেন তাঁকে ‘বয়স্ক’ বলে কটাক্ষ করেন। চুপ না থেকে নিজস্ব ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সেই ট্রোলারকে সপাট জবাব দিয়ে অভিনেত্রী লেখেন, সামনে শীতের সার্কাসে হাতির প্রয়োজন রয়েছে এবং তাঁর ওই চেহারার জন্য তাঁকেই সেখানে আমন্ত্রণ জানানো হতে পারে।
দীর্ঘদিন মেগা ধারাবাহিক থেকে বিরতিতে থাকা ‘গোয়েন্দা গিন্নী’খ্যাত এই স্পষ্টবক্তা অভিনেত্রী বরাবরই নিজের বয়সের বিষয়ে খোলামেলা। শারীরিক চাপ এড়াতে মেগা সিরিয়ালে না ফেরার সিদ্ধান্ত নিলেও রিয়ালিটি শো এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। পঞ্চাশোর্ধ এই অভিনেত্রী আবারও প্রমাণ করলেন যে কটাক্ষ সহ্য না করে কড়া জবাব দিতে তিনি পিছপা হন না।