ভোর ৪টেয় চালকের ফোনে রহস্যময় কণ্ঠ! দিল্লির ক্যাবে উঠে এ কী অভিজ্ঞতার মুখোমুখি হলেন যাত্রী?

ভোররাত্রে শুনশান রাস্তায় বিমানবন্দরে যাওয়ার জন্য ক্যাবে উঠে চরম অস্বস্তিতে পড়েন এক যাত্রী। গাড়ির ভেতরে চালককে ফোনে কারও সঙ্গে ইংরেজিতে কথা বলতে শুনে তিনি আশঙ্কা করেন, হয়তো তাঁর অবস্থান অন্য কোথাও জানিয়ে দেওয়া হচ্ছে। তবে কৌতূহল সামলাতে না পেরে চালককে সরাসরি প্রশ্ন করতেই প্রকাশ পায় আসল সত্য। ভয় কাটিয়ে চালকের উত্তরের কথা জানতে পেরে তাজ্জব হয়ে যান ওই যাত্রী।
ক্যাবচালক জানান, তিনি আসলে কোনো ব্যক্তির সঙ্গে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাপ ‘চ্যাটজিপিটি’র সাহায্যে ইংরেজিতে কথা বলার অনুশীলন করছিলেন। সদ্য কন্যাসন্তানের পিতা হওয়া ওই তরুণ চান তাঁর মেয়ে বড় হলে যেন তাকে সঠিক শিক্ষা দিতে পারেন, আর সেই কারণেই কাকভোরেও এই কঠোর পরিশ্রম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুষার জেজানি নামের এক ব্যক্তির শেয়ার করা এই হৃদয়স্পর্শী ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের প্রশংসায় ভাসছে ওই বাবার স্বপ্ন ও নিষ্ঠা।