৭০ হাজার কোটির বিশাল চুক্তি, সমুদ্রের তলায় ভারতের শক্তি বাড়াতে আসছে ছ’টি মারণ ডুবোজাহাজ!

আগামী সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটিতে পাস হতে পারে পি৭৫আই প্রকল্পের প্রস্তাব। এই চুক্তির আওতায় ৭০ হাজার কোটি টাকার বিনিময়ে জার্মান সংস্থা ‘থাইসেনকর্প মেরিন সিস্টেমস’-এর সঙ্গে যৌথ উদ্যোগে মুম্বাইয়ের ‘মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড’ নির্মাণ করবে ছ’টি অত্যাধুনিক ‘ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন’। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে এই কৌশলগত চুক্তির মাধ্যমেই ভারতীয় নৌসেনার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
‘টাইপ-২১৪’ শ্রেণির এই ডুবোজাহাজগুলোতে থাকবে বিশেষ ‘এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন’ প্রযুক্তি, যা সেগুলোকে জলের নিচে দীর্ঘসময় লুকিয়ে থাকতে সাহায্য করবে। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী টর্পেডো-সজ্জিত এই ডুবোজাহাজগুলো শত্রুপক্ষের সোনার নজরদারি এড়াতে অত্যন্ত দক্ষ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে বঙ্গোপসাগর ও আরব সাগরে ভারত একই সঙ্গে চীন ও পাকিস্তানের নৌ-চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে বড়সড় সুবিধা পাবে। দীর্ঘদিনের অপেক্ষার পর নৌবহরে নতুন এই শক্তিশালী সংযোজন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।