‘বাথরুমের জানলা ভেঙেছিলাম…’ তারাপীঠের জতুগৃহ হোটেলে আটকে পড়া পর্যটকের হাড়হিম করা বয়ান

ভোরের আলো ফোটার আগেই বিকট শব্দ আর চারদিকে ধোঁয়া। আগুনের লেলিহান শিখা ধেয়ে আসতে দেখে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাথরুমে আশ্রয় নেন পর্যটক তপজ্যোতি মণ্ডল। দরজা আটকে, জলের কল খুলে এবং জানলার কাঁচ ভেঙে কোনোরকমে শ্বাস নিয়ে প্রায় ৪৫ মিনিট আটকে ছিলেন তাঁরা। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই পর্যটক জানান, পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। তবে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁর বৃদ্ধা মা ও দুই বোন অসুস্থ হয়ে পড়েছেন। তারাপীঠের এই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এভাবেই চরম আতঙ্কের সাক্ষী হলেন আগত পর্যটকরা।
আগুন লাগার সময় ঘুমন্ত অবস্থায় অনেকেই ঝলসে গেছেন। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশ ও দমকলকর্মীরা পেছনের সিঁড়ি দিয়ে অনেককে উদ্ধার করলেও, মালদহের এক পর্যটক এখনও তাঁর নিখোঁজ পরিবারের সন্ধানে উদ্ভ্রান্তের মতো ঘুরছেন। হোটেলের সামনে এক ব্যক্তিকে বীভৎস পোড়া অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলেছে প্রশাসন। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের মালিককে আটক করেছে পুলিশ এবং অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন দমকলমন্ত্রী কৌশিক চৌধুরি।