আমার রোজগার কেন বন্ধ করবে! বিমল এলাইচি বিতর্কে ভাইরাল শাহরুখের পুরনো ভিডিও

মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (FDA) শোকজ নোটিশের জেরে বর্তমানে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউডের জনপ্রিয় তারকারা। নিষিদ্ধ পান মশলার পরোক্ষ বা সারোগেট প্রচারের অভিযোগে শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফকে এই নোটিশ পাঠানো হয়েছে। বিজ্ঞাপনের সত্যতা এবং ব্র্যান্ডের সঙ্গে চুক্তি নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত জবাব ও প্রয়োজনীয় কাগজপত্র তলব করেছে এফডিএ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে গেছে শাহরুখ খানের একটি পুরনো সাক্ষাৎকার, যা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
ভাইরাল হওয়া ওই পুরনো ভিডিওটিতে শাহরুখ খানকে বেশ কড়া সুরে বলতে শোনা যায়, কোনও দ্রব্য জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলে তার উৎপাদন ও বিক্রি একেবারে নিষিদ্ধ করা উচিত। সরকার যদি সেই পণ্যগুলো বন্ধ না করে রাজস্ব তোলে, তবে কেন একজন অভিনেতার কাজের সুযোগ ও উপার্জন সীমিত করার কথা বলা হবে? মূলত অতীতে একটি ভিন্ন পণ্যের বিজ্ঞাপন সংক্রান্ত বিতর্কের জেরে করা তাঁর সেই বিস্ফোরক মন্তব্যই বর্তমান বিমল এলাইচি কাণ্ডের প্রেক্ষাপটে নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।