রাজ্য পুলিশে নেই আস্থা! আইপ্যাক কাণ্ডে এবার সরাসরি সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে সওয়াল ইডির

আইপ্যাক-কাণ্ডে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন নিরপেক্ষ তদন্ত নিয়ে তীব্র বাদানুবাদ ঘটে। শীর্ষ আদালত পছন্দের তদন্তকারী সংস্থা বাছাইয়ের দায়িত্ব রাজ্যের উপর ছাড়ার প্রস্তাব দিলেও ইডির আইনজীবী তা সরাসরি প্রত্যাখ্যান করেন। কেন্দ্রীয় সংস্থার যুক্তি, স্থানীয় পুলিশের উপর তাদের বিন্দুমাত্র আস্থা নেই; তাই পুরো ঘটনার সিবিআই তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।
অন্যদিকে, মমতার আইনজীবী আদালতে সওয়াল করে জানান যে রাজ্যে সরকার পরিবর্তনের পর বর্তমান সরকার নিজেই সিদ্ধান্ত নিতে পারে কে তদন্ত করবে, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। সিবিআইয়ের আইনজীবী শীর্ষ আদালতকেই এ বিষয়ে চূড়ান্ত নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি চলাকালীন তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হয়ে নথিপত্র সরিয়ে নেন বলে অভিযোগ। আদালত জানিয়েছে, সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর আগামী ২ সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।