সৌদিতে ভিক্ষা নয়! দেশের মান বাঁচাতে হজযাত্রীদের কড়া বার্তা পাকিস্তানের!

আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি বজায় রাখতে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিল পাকিস্তান। হজ ও উমরাহর পবিত্র যাত্রার নামে সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা রুখতে দেশের নাগরিকদের প্রতি কড়া সতর্কতা জারি করেছে পাক দূতাবাস। মক্কা ও মদিনার পবিত্র চত্বরে পাকিস্তানি নাগরিকদের এই ধরনের আপত্তিকর আচরণের কারণে দীর্ঘদিন ধরেই তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছে সৌদি আরব প্রশাসন। বারবার এই ধরনের গুরুতর অভিযোগ ওঠার ফলে বিশ্বজুড়ে পাকিস্তানের মুখ পুড়ছে, যা থেকে রক্ষা পেতেই এবার নড়েচড়ে বসেছে ইসলামাবাদ।
সৌদির আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বর্তমানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে সাফ জানিয়েছে পাক দূতাবাস। নিয়ম অমান্য করলে গ্রেপ্তার, জেল ও চিরতরে সৌদি প্রবেশে নিষেধাজ্ঞার মতো কঠোরতম শাস্তির মুখে পড়তে হতে পারে তীর্থযাত্রীদের। দেশবাসীকে সচেতন করতে সম্প্রতি একটি এআই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছে দূতাবাস, যেখানে বেআইনি কাজের পরিণতি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ভিসার অপব্যবহার করে বিদেশের মাটিতে দেশের সম্মানহানি রোধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।