আইপ্যাক অফিসে তল্লাশিতে বাধা মমতার? সুপ্রিম কোর্টে রাজ্য পুলিশকে নিয়ে বিস্ফোরক ইডি!

আইপ্যাক অফিসে তল্লাশি চালানোর সময়ে বাধার মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে সরব হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কয়লা পাচার মামলার সূত্রে গত জানুয়ারিতে প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি চালায়। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত হয়ে কাজে বাধা দেন বলে কেন্দ্রীয় সংস্থার দাবি। তবে তৎকালীন শাসকদলের পাল্টা অভিযোগ ছিল, ইডি বেআইনিভাবে দলের গোপন নথি সংগ্রহের চেষ্টা করছিল। রাজ্য সরকার পরিবর্তনের পরও এই সংক্রান্ত মামলা নিয়ে শীর্ষ আদালতে সুপ্রিম সওয়াল-জবাব চলেছে। ইডির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তাদের স্থানীয় পুলিশের উপর কোনও আস্থা নেই। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র হাতেই তুলে দেওয়া প্রয়োজন।
অন্য দিকে, মমতার আইনজীবী মেনকা গুরুস্বামী শীর্ষ আদালতে সওয়াল করেন যে, বর্তমানে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির বদল ঘটেছে। তাই নতুন রাজ্য সরকারই ঠিক করতে পারে তদন্তের রূপরেখা কী হবে। এর মধ্যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই বলেও সওয়াল করেন তিনি। আদালত রাজ্যের সিদ্ধান্ত মেনে নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইডির তরফে তা সরাসরি নাকচ করে দেওয়া হয়। আইনজীবী যুক্তি দেন, সরকার পরিবর্তনের পর চার মাস পেরিয়ে গেলেও রাজ্য নিজে থেকে কোনো এফআইআর দায়ের করেনি। ফলে রাজ্য পুলিশকে দিয়ে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। বিচারপতি প্রশান্ত মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ সব পক্ষের বক্তব্য শোনার পর জানিয়েছে, দ্রুতই এই সংক্রান্ত নির্দেশ চূড়ান্ত করা হবে। আগামী ২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে।