বাংলায় বিজেপির বিপুল জয়ের নায়ক মমতা-অভিষেকই, বিস্ফোরক দাবি কার্তিক মহারাজের

বাংলায় বিজেপির বিপুল জয়ের নায়ক মমতা-অভিষেকই, বিস্ফোরক দাবি কার্তিক মহারাজের

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের সমস্ত কৃতিত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও হুমায়ুন কবীরদেরই দিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। পূর্ব বর্ধমানের কালনায় বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের কার্যালয়ে বসে তিনি দাবি করেন, অতি বড় বিজেপি নেতাও ১৬৫টির বেশি আসন পাওয়ার কথা কল্পনা করেননি। তাঁর মতে, হুমায়ুন ও ফিরহাদের ক্রমাগত বিতর্কিত মন্তব্য বিজেপির ভোটব্যাঙ্ক শক্তিশালী করেছে। পাশাপাশি, তৃণমূল নেতৃত্বের হুঙ্কার, অহঙ্কার ও দম্ভের বিরুদ্ধে জবাব দিতেই বাংলার মানুষ ব্যালটবাক্সকে বেছে নিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি জানান, এর মাধ্যমেই শহরের সচেতন সমাজ বুঝতে পেরেছিল বাংলায় শাসকদল আবার ক্ষমতায় এলে অস্থিরতা বাড়বে। এ ছাড়া, দেশে ডিলিমিটেশন কার্যকর করার পক্ষে সওয়াল করে তিনি দাবি করেন, আসন সংখ্যা বৃদ্ধি পেলে পরবর্তীতে বিজেপির আসন আরও বাড়বে। যার পুরো কৃতিত্ব তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়েছেন। এদিন একাধিক কর্মসূচিতে যোগ দিতে কালনায় এসে ১৩১ ফুটের প্রস্তাবিত শিবলিঙ্গের জমি পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার এবং উদ্যোগী ব্যবসায়ী সুব্রত পাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *