অল্প বৃষ্টিতেই জলমগ্ন লেবুখালি, নিকাশি না থাকায় রাস্তায় জাল ফেলে প্রতিবাদ স্থানীয়দের

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালি বাস স্ট্যান্ড এলাকায় টানা দু’দিনের বৃষ্টিতে তৈরি হয়েছে তীব্র জলজট। মূল সড়ক, বাস স্ট্যান্ড থেকে শুরু করে ঘরবাড়ি ও বাড়ির উঠোন— সবই এখন থইথই জলে নিমজ্জিত। এই পরিস্থিতিতে কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভ প্রকাশ করে ও প্রতিবাদ জানাতে বাসিন্দারা জমা জলে এবং বাড়ির উঠোনে জাল ফেলে মাছ ধরতে নেমে পড়েন। দীর্ঘ ১৫ বছর ধরে এই সমস্যা চলে আসলেও প্রশাসনিক পর্যায়ে বারংবার দরবার করেও মিলেনি কোনো স্থায়ী সমাধান।
ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা না থাকার ফলেই সামান্য বৃষ্টিতে এই বেহাল দশা তৈরি হয়। নিকাশি উন্নয়নের টাকা বরাদ্দ হলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা নয়ন মণ্ডলসহ অন্যান্যরা। পঞ্চায়েত প্রধান ও প্রাক্তন বিধায়কের কাছে আবেদন জানিয়ে সুফল না পাওয়ায়, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন বর্তমান স্থানীয় বিধায়ককে। এ বিষয়ে বিধায়ক জানিয়েছেন যে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত এই নিকাশি সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।