‘সন্ন্যাসী পোশাকেই ভারতে ধর্মীয় নিপীড়ন’: আরএসএস নিষিদ্ধের দাবিতে সরব মার্কিন ধর্মীয় স্বাধীনতা সংস্থা

আগামী ২৯ অগস্ট ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ (AHEAD) আয়োজিত ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস’-এ যোগ দিতে আমেরিকা যাওয়ার কথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবতের। তবে তাঁর এই সফরের আগেই সঙ্ঘের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য মার্কিন প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে সে দেশের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক উপদেষ্টা সংস্থা ‘USCIRF’।
USCIRF-এর চেয়ারম্যান আসিফ মাহমুদ জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আরএসএসের সদস্য এবং এই সংগঠনের ছত্রছায়ায় থাকা একাধিক গোষ্ঠী ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলায় অভিযুক্ত। অন্যদিকে, সংস্থার কমিশনার জিন মিলস মন্তব্য করেছেন যে, আরএসএস নেতারা ভারত সরকারের প্রতিনিধি হলেও আমেরিকায় তাঁদের কোনো উচ্চপর্যায়ের বৈঠক বা কূটনৈতিক সৌজন্য দেখানো উচিত নয়। ওয়াকিবহাল মহলের মতে, এই বক্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই নিশানা করা হয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করে এই মার্কিন সংস্থাটি। ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার খর্ব হওয়া নিয়ে এর আগেও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে তারা।
যদিও ভারতের বিদেশ মন্ত্রক প্রতিবারই এই রিপোর্ট খারিজ করে এসেছে। চলতি বছরের ১৬ মার্চ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছিলেন, মার্কিন সংস্থাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে একতরফা ভারতকে নিশানা করছে। ভারতের দিকে আঙুল তোলার বদলে আমেরিকার উচিত সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের ওপর হওয়া অন্যায়-অবিচার বন্ধে নজর দেওয়া।
তবে ভারতের এই অবস্থান সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় USCIRF। কমিশনার মিলসের মতে, কোনো সৌজন্য দেখানোর বদলে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অপরাধে আরএসএস সদস্যদের ওপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।