২০২৯এই কি এক দেশ এক ভোট? কমতে পারে বাংলাসহ বহু রাজ্যের বিধানসভার মেয়াদ!

পরিকল্পিত ২০৩৪ সালের পরিবর্তে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে ‘এক দেশ এক ভোট’ নীতি চালুর জল্পনা জোরালো হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শাসনাধীন রাজ্যগুলোতে বিধানসভা ভেঙে দিয়ে লোকসভার সঙ্গে একসঙ্গে ভোট করানোর পরিকল্পনা করা হচ্ছে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। যৌথ সংসদীয় কমিটির বর্তমান আলোচনার মধ্যেই এই সম্ভাবনার কথা সামনে আসায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এনডিএ শাসিত ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১১টিতে আগামী দুবছরের মধ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম ও ওড়িশায় ইতিমধ্যেই লোকসভার সঙ্গে একযোগে ভোট হয়ে থাকে। যদি এই রাজ্যগুলোতে জোটের ক্ষমতা বজায় থাকে, তবে ২০২৯ সালের জানুয়ারির মধ্যে বিধানসভাগুলো ভেঙে দিয়ে যুগপৎ ভোট করানোর পথ উন্মুক্ত হতে পারে। এর ফলে বাংলাসহ একাধিক রাজ্যের বিধানসভার মেয়াদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।