পুরীর যাত্রীদের জন্য বড় ধাক্কা! পুজোর আগেই বদলাল একাধিক ট্রেনের রুট, কোন কোন স্টেশন পর্যন্ত চলবে গাড়ি?

অমৃত ভারত প্রকল্পের আওতায় পুরী স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হওয়ায় রেল যোগাযোগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। ইস্টকোস্ট রেলওয়ের ঘোষণা অনুযায়ী, পুজোর মরশুম পর্যন্ত এ রাজ্যসহ বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে যাওয়া একাধিক ট্রেন নির্দিষ্ট গন্তব্যের পরিবর্তে মাঝপথেই যাত্রা শেষ করবে। এর ফলে পুরীগামী পর্যটকদের যাতায়াতে সাময়িক অসুবিধা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী দিনে শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস পুরী স্টেশনের পরিবর্তে মালতীপুর স্টেশন পর্যন্ত চলাচল করবে। একইভাবে, শালিমার-পুরী এক্সপ্রেস সহ ভিন রাজ্য থেকে আসা একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন পুরী পর্যন্ত না গিয়ে খুরদা রোড বা মালতীপুর স্টেশনেই যাত্রাপথ সংক্ষিপ্ত করবে। রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন করতেই এই অস্থায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ছুটির মরশুমে পুরী যাওয়ার পরিকল্পনা করা যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প সড়কপথ বা অন্য ট্রেনের সাহায্য নিতে হবে।