ডিএ দিয়েও তা কেটে নেওয়া হয়েছে! বকেয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ সরকারি কর্মী নেতার!

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান প্রক্রিয়া ঘিরে ফের তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধাপে ধাপে বকেয়া মেটানোর কাজ চললেও, কর্মচারীদের একাংশের মধ্যে ক্ষোভের অন্ত নেই। কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তুলে জানিয়েছেন, সরকার বকেয়া ডিএ রিলিজ করার নামে একপ্রকার ছেলেখেলা করছে। তাঁর দাবি, ডিএ ক্যালকুলেশনে বেশ কয়েক বছর ধরে বকেয়ার অংশ ঋণাত্মক দেখিয়ে প্রাপকদের প্রাপ্য অর্থের থেকেও বেশি অংশ কেটে নেওয়া হয়েছে।
মলয়বাবুর আরও দাবি, অর্থ দপ্তরে কড়া অভিযোগ জানানোর পরই ভুল বুঝতে পেরে সরকার সেই কাটা যাওয়া অংশ শূন্য ধরে পুনরায় পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাধ্য হয়েছে। এদিকে রাজ্যের তরফে জানানো হয়েছে যে বকেয়া ডিএ-র একটি বড় অংশ ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কর্মচারীদের সমস্ত জটিলতা ও অভিযোগগুলি নিরসনের জন্য সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখবে।