২০ লিটার খাঁটি দুধ থেকে তৈরি হচ্ছিল ১০০ লিটার বিষ! নবদ্বীপে ভেজাল কারখানার পর্দাফাঁস

২০ লিটার খাঁটি দুধ থেকে তৈরি হচ্ছিল ১০০ লিটার বিষ! নবদ্বীপে ভেজাল কারখানার পর্দাফাঁস

নদিয়ার নবদ্বীপ থানার মহিশুড়া ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় একটি ভেজাল দুধ তৈরির কারখানার হদিস মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতৃত্ব যৌথভাবে সেখানে অভিযান চালান। অভিযোগ ওঠে, মাত্র ২০ লিটার খাঁটি দুধের সঙ্গে ছানার জল, ক্ষতিকারক রাসায়নিক, ওষুধ ও অ্যাসিড মিশিয়ে প্রায় ১০০ লিটার ভেজাল তরল দুধ তৈরি করা হচ্ছিল। পরবর্তীতে সেই বিষাক্ত দুধ প্যাকেটজাত করে বিভিন্ন এলাকা ও সংস্থায় নিয়মিত সরবরাহ করা হতো।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ রাসায়নিক, পাউডার, ওষুধ ও তৈরি তরল দুধ উদ্ধার করেছে প্রশাসন। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কারখানাটি সিল করে দেয় এবং কারখানার মালিকের ভাগ্নে পরিচয় দেওয়া এক যুবককে হাতেনাতে পাকড়াও করে। এদিকে কারখানার বাইরে থাকা একটি সমবায় সমিতির সাইনবোর্ড ঘিরে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। এই বেআইনি কারবারের সঙ্গে সমবায়ের কোনো প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং চক্রের মূল পান্ডাদের পাকড়াও করতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *