বিয়ে বা শুভ কাজের আমন্ত্রণ জানান সরাসরি দেবতাকে! কোথায় রয়েছে এই রহস্যময় মন্দির?

রাজস্থানের ঐতিহাসিক রণথম্ভোর দুর্গের অন্দরে লুকিয়ে রয়েছে এক অনন্য ভক্তিপীঠ, যা ত্রিনেত্র গণেশ মন্দির নামে পরিচিত। চতুর্দশ শতাব্দীর সূচনা লগ্নে রাজা হাম্মীর দেব এই মন্দির প্রতিষ্ঠা করেন। কিংবদন্তি রয়েছে, আলাউদ্দিন খিলজির অবরোধের সময় রাজা স্বপ্নে তিন চোখের গণেশের দর্শন পান এবং পরের দিনই দুর্গের দেওয়ালে এই অলৌকিক মূর্তি আবির্ভূত হয়। এখানকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এই মন্দিরে সিদ্ধিদাতা গণেশ একা নন, বরং তাঁর দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি, দুই পুত্র শুভ ও লাভ এবং বাহন মূষিকসহ সপরিবারে বিরাজ করছেন।
এই সুপ্রাচীন মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অদ্ভুত ও আকর্ষণীয় পরম্পরা। আজও দূর-দূরান্ত থেকে ভক্তরা শুভ অনুষ্ঠান বা বিয়ের নিমন্ত্রণপত্র পাঠিয়ে সপরিবারে দেবতাকেই আমন্ত্রণ জানান। অক্টোবর থেকে মার্চ মাস কিংবা সেপ্টেম্বর মাসের গণেশ চতুর্থীর সময় এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নিকটতম সাওয়াই মাধোপুর স্টেশন বা জয়পুর বিমানবন্দর হয়ে খুব সহজেই এই অলৌকিক মন্দিরে পৌঁছে যাওয়া সম্ভব।