কলকাতা পুলিশে বড় বদল! আইনশৃঙ্খলার ডিউটিতে এবার বাধ্যতামূলক ভিডিয়োগ্রাফি

কলকাতা পুলিশে বড় বদল! আইনশৃঙ্খলার ডিউটিতে এবার বাধ্যতামূলক ভিডিয়োগ্রাফি

কলকাতা শহরে আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে এল বড় পরিবর্তন। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা এক নয়া নির্দেশিকা জারি করে জানিয়েছেন, এখন থেকে বড় ধরনের আইনশৃঙ্খলা ডিউটির পূর্বে দায়িত্বে থাকা পুলিশকর্তাদের অবশ্যই বাহিনীকে রণকৌশল সম্পর্কে বিস্তারিত অবহিত করতে হবে। এই পুরো প্রস্তুতি পর্বের কাজ এবার বাধ্যতামূলকভাবে ভিডিয়োগ্রাফি করতে হবে। শুধু তাই নয়, সেই ভিডিয়ো সংশ্লিষ্ট বাহিনীর সরকারি গ্রুপে শেয়ার করা বাধ্যতামূলক, যাতে মাঠে নামার আগে কর্মীরা চূড়ান্ত প্রস্তুতি নিতে পারেন।

লালবাজার সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার আগে বাহিনীকে ব্রিফিং করার নিয়ম থাকলেও ভিডিয়োগ্রাফির এই পদ্ধতিটি সম্পূর্ণ নতুন। পুলিশের দাবি, এই পদক্ষেপের ফলে ডিউটি শেষে বাহিনীর সার্বিক ভূমিকা ও কর্মদক্ষতার সঠিক মূল্যায়ন করা সম্ভব হবে। উল্লেখ্য, অতীতে স্পর্শকাতর ডিউটির সময় কলকাতা পুলিশের নিজস্ব টিম ভিডিয়োগ্রাফি করলেও এবং অফিসারদের বডি ক্যামেরায় রেকর্ডিং থাকলেও, এবার ডিউটির আগের প্রস্তুতি পর্বের ভিডিয়ো শেয়ার করার এই অভিনব নির্দেশ পুলিশ মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *