দলিল দেখাচ্ছি, ক্ষমতা থাকলে আপনিও দেখান! নারায়ণপুরে পার্টি অফিস দখল ঘিরে তুঙ্গে রাজনৈতিক সঙ্ঘর্ষ

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর সিপিএমের উদ্ধার করা দলীয় কার্যালয় ফের দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নারায়ণপুরের জগারডাঙা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। আইনি দলিল হাতে নিয়ে বুধবার নিউটাউনে এক সাংবাদিক বৈঠকে রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সিপিএম নেতা সপ্তর্ষি দেব। তাঁর দাবি, ২০১৫ সালে তৃণমূলের কবজায় যাওয়া এই কার্যালয় গত মে মাসে তাঁরা পুনর্দখল করেছিলেন, যা বর্তমানে স্থানীয় বিধায়কের নেতৃত্বে আবারও দখল করেছে বিজেপি। অবিলম্বে অফিস ফেরত না দেওয়া হলে বড়সড় আইনি পদক্ষেপের পথে হাঁটারও হুঙ্কার দিয়েছেন তিনি।
এদিকে, এই কার্যালয় দখলকে কেন্দ্র করে গত রবিবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং আটক হন তিনজন বিজেপি কর্মী। ওই ঘটনার পর রাতেই নারায়ণপুর থানায় গিয়ে পুলিশকে হুমকি ও ধমক দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি বিধায়কের বিরুদ্ধে। সেই প্রসঙ্গ টেনে এনে সপ্তর্ষিবাবু প্রশ্ন তুলেছেন, খোদ শাসক দলের বিধায়ক হয়েও তিনি নিজের সরকারের পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখতে পারছেন না কেন? পাশাপাশি, নিউটাউনে আদালতের নির্দেশে ভেঙে ফেলা তৃণমূলের বেআইনি কার্যালয়গুলিও বিজেপি দখল করে নিয়েছে বলে মারাত্মক অভিযোগ তুলেছেন তিনি। এই আবহে রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে উঠেছে।