দার্জিলিংয়ে কি নেমে আসছে মহাবিপদ! উত্তরবঙ্গ জুড়েই চরম সতর্কতা জারি!

নেপালের ভয়াবহ হড়পা বান এবং পার্বত্য বিপর্যয়ের জেরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাঁচটি জেলাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। নেপালের জল সরাসরি বিহার ও উত্তরপ্রদেশের দিকে প্রবাহিত হলেও, তিব্বত ও নেপাল সীমান্ত সংলগ্ন পার্বত্য অঞ্চলে মেঘভাঙা বৃষ্টি, তুষারধস এবং ভূমিকম্পের জেরে তৈরি হওয়া সামগ্রিক প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব থেকে উত্তরবঙ্গকে রক্ষা করতে এই আগাম সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি নদীগুলির জলস্তর আচমকা বৃদ্ধি পাওয়া এবং ধস নামার আশঙ্কায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও কার্শিয়াং জেলার নদী তীরবর্তী ও পাহাড়ি অঞ্চলগুলিকে বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় এবং যেকোনো জরুরি অবস্থা এড়াতে রাজ্য প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত হতে পারে এমন এলাকায় ১০ থেকে ১২টি উদ্ধারকার্য ও ত্রাণ শিবির তৈরি করা হয়েছে এবং সেখানে চিকিৎসকদের বিশেষ দল মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সামলাতে রাজ্য পুলিশ, স্থানীয় প্রশাসন এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ২৪ ঘণ্টা হাই অ্যালার্টে রাখা হয়েছে। সাধারণ মানুষকেও নদী ও ধসপ্রবণ এলাকা থেকে দূরে থাকতে এবং প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।