সরকারি কর্মীদের বদলি ভাতায় বড় পরিবর্তন! এবার নতুন জায়গায় থিতু হতেই মিলবে বড় অঙ্কের টাকা

বদলির কারণে কর্মস্থল পরিবর্তন হলে সরকারি কর্মীদের দেওয়া বদলি অনুদান ও মালপত্র গোছানোর ভাতা একত্র করে নতুন এককালীন অনুদান চালু করল রাজ্য সরকার। ২০২৬ সালের ১ জুন বা তার পরে জনস্বার্থে বদলি হয়ে নতুন পদে যোগ দেওয়া কর্মীরা এই সুবিধা পাবেন। নতুন নিয়মে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অথবা কর্মীর মূল বেতনের ৮০ শতাংশের মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ দেওয়া হবে। এর জন্য কোনও খরচের বিল বা রসিদ জমা দেওয়ার প্রয়োজন নেই। পুরনো কর্মস্থল থেকে নতুন কর্মস্থলের দূরত্ব ৩০ কিলোমিটার বা তার বেশি হলে এবং বাসস্থান পরিবর্তন হলে পুরো অনুদান মিলবে। দূরত্ব ৩০ কিলোমিটারের কম হলে নির্ধারিত অনুদানের এক-তৃতীয়াংশ পাওয়া যাবে।
অবসর নেওয়া সরকারি কর্মীরাও নির্দিষ্ট শর্তে এই সুবিধার আওতায় থাকবেন। শেষ কর্মস্থল থেকে অবসরের পর স্থায়ী বাসস্থানের দূরত্ব ৩০ কিলোমিটার বা তার বেশি হলে পুরো অনুদান মিলবে। ২০২৬ সালের ৩১ মে বা তার পরে অবসর নেওয়া কর্মীরা এই সুবিধা পাবেন। ১৯৯৯ সালের অর্থ দফতরের নির্দেশিকার নির্দিষ্ট ধারার পরিবর্তে এই আধুনিক ব্যবস্থা চালু হলেও অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকছে। গত ১৯ অগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়।