কলকাতায় পাচারের ছক বানচাল! ফরাক্কায় ৫ কোটির সর্বনাশা ‘লাভ ড্রাগ’-সহ ধৃত মহিলা

কলকাতায় পাচারের ছক বানচাল! ফরাক্কায় ৫ কোটির সর্বনাশা ‘লাভ ড্রাগ’-সহ ধৃত মহিলা

কলকাতা ও মেট্রোপলিটন শহরের পার্টি সংস্কৃতির হাত ধরে এবার জেলায় থাবা বসাচ্ছে ভয়ংকর ‘লাভ ড্রাগ’ বা এমডিএমএ। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ নিউ ফরাক্কা বাসস্ট্যান্ড ও স্টেশন চত্বরে অভিযান চালিয়ে শেফালি হালদার নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে। লালগোলা থানার সুভাষপল্লীর বাসিন্দা ওই ধৃতের কাছ থেকে ১ কেজি ৪১৬ গ্রাম এমডিএমএ উদ্ধার করা হয়েছে, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আসামের এক পাচারকারীর কাছ থেকে এই মাদক সংগ্রহ করে ট্রেনে মুর্শিদাবাদে আনা হয়েছিল এবং তা কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল। পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পরিচয়পত্র বাজেয়াপ্ত করেছে এবং সোমবার তাকে এনডিপিএস আদালতে তোলা হয়েছে।

উচ্চবিত্তদের পার্টিতে জনপ্রিয় এই মাদক মস্তিষ্কের হরমোন ক্ষরণ বাড়িয়ে তীব্র আসক্তি তৈরি করে, যা অতিরিক্ত সেবনে মৃত্যুর কারণ হতে পারে। একই রাতে ফরাক্কা থানার পুলিশ নেতাজি সেতুর কাছে পৃথক অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের ৮২৫ গ্রাম উন্নত মানের হেরোইন উদ্ধার করেছে। এই ঘটনায় মালদহের কালিয়াচক থানার সুমন শেখ ও শামীম আখতার নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক অনুমান, উত্তর-পূর্ব ভারতকে করিডর হিসেবে ব্যবহার করে রাজ্যে একটি সুসংগঠিত মাদক পাচার চক্র মাথাচাড়া দিয়ে উঠছে, যা রোধে জোরদার তল্লাশি শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *