মহালয়ায় মেগা চমক রাজ্য সরকারের: ইডেনে জমকালো আয়োজন, আমন্ত্রিত মোদি-শাহ!

কলকাতা: এবার দেবীপক্ষের শুরুতেই পশ্চিমবঙ্গবাসীর জন্য বড় চমকের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। আগামী ১০ অক্টোবর মহালয়া উপলক্ষে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবারে বালুরঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর প্রথম দুর্গাপুজোর সূচনাকে অবিস্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এবারের মহালয়ায় একটি বড় মাপের অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। উনারা কবে আসবেন বা কে উপস্থিত থাকবেন, সেই বিষয়ে চূড়ান্ত নিশ্চিত বার্তা পেলেই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
নবান্ন সূত্রে জানা গেছে, কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এই মেগা অনুষ্ঠানটি আয়োজিত হতে পারে। যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীসহ রাজ্য মন্ত্রিসভার সদস্যবর্গ। অনুষ্ঠানটি ঘিরে তথ্য ও সংস্কৃতি দপ্তর ইতিমধ্যেই প্রাথমিক প্রস্তুতি ও দরপত্র (টেন্ডার) ডাকার কাজ শুরু করে দিয়েছে। সম্পূর্ণ বাঙালিয়ানাকে মূল উপজীব্য করে এই আয়োজনে বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য, লোকসংস্কৃতি, ধুনুচি নাচ, ছৌ নাচ এবং ঢাকের বাদ্যি তুলে ধরা হবে।