সপ্তাহান্তে ট্রেন যাত্রীদের বড় ধাক্কা, শিয়ালদহ মেন শাখায় বাতিল একাধিক ট্রেন, জানুন বিস্তারিত!

শিয়ালদহ স্টেশনের পরিকাঠামো উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার ও রবিবার শিয়ালদহ মেন শাখায় মেগা ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই দিনগুলিতে পয়েন্ট কনভার্সন, পয়েন্ট ট্র্যাকিং ও সিগন্যালিংয়ের একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হবে। এই পাওয়ার ব্লকের প্রভাব সরাসরি পড়বে ট্রেন চলাচলের ওপর, যার ফলে একাধিক ইএমইউ লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং দূরপাল্লার বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সপ্তাহান্তের এই সময়ে কাজ চলাকালীন যাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
রেল সূত্রের তথ্য অনুযায়ী, মেগা ব্লকের দরুন শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বারাসাত এবং শিয়ালদহ-দত্তপুকুর লাইনের একাধিক আপ ও ডাউন ইএমইউ লোকাল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া, লালগোলা-শিয়ালদহ ডাউন ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে দমদম জংশন পর্যন্ত চালানো হবে। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রীদের ভোগান্তি কমাতে অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং এবং কমার্শিয়াল বিভাগ যৌথভাবে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করেছে।