মেয়াদোত্তীর্ণ ফায়ার লাইসেন্স: ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর খালি করার নির্দেশ

মেয়াদোত্তীর্ণ ফায়ার লাইসেন্স: ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর খালি করার নির্দেশ

ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির বহুতলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ব্যবহারে আপাতত নিষেধাজ্ঞা জারি করল রাজ্য দমকল বিভাগ। ভবনের সাত ও আট তলা এবং বেসমেন্টের ফায়ার লাইসেন্স রিনিউ না থাকা এবং অগ্নিসুরক্ষা বিধিতে একাধিক ত্রুটি ধরা পড়ার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ বিভাগের নির্দেশ অনুযায়ী উক্ত ফ্লোর দুটি এবং বেসমেন্ট অবিলম্বে খালি করে দিতে হবে।

দমকল সূত্রে জানা গিয়েছে, গত ১০ অগস্ট ২০২৬-এ বহুতলটির ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়। লাইসেন্স নবীকরণের সুপারিশ করা হলেও মালিকপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। গত সোমবার ফায়ার অডিটের সময় অগ্নিসুরক্ষা সংক্রান্ত নানাবিধ খামতি সামনে এলে ভবনটির সম্পর্কিত ফ্লোরের বসবাসকারী (অকুপায়ার) এবং মালিকপক্ষকে নোটিস পাঠানো হয়। অভিষেকের অফিস কর্তৃপক্ষের প্রতিনিধিরা নোটিস পেয়ে পুলিশের সাথে যোগাযোগ করলেও শুনানিতে মালিকপক্ষের কেউ অংশ নেননি। এর পরেই ফ্লোর দুটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের অনুলিপি কলকাতা পুরসভা, শেক্সপিয়র সরণি থানা এবং সিইএসসি (CESC)-কে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ওই বহুতল থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে শেক্সপিয়র সরণি থানায় তিনটি পৃথক মামলা দায়ের হয়। সেই সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন সহ শীর্ষ তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যেই ফায়ার লাইসেন্স কাণ্ডে রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একে ‘নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী চক্রান্ত’ বলে দাবি করেছেন। অন্যদিকে, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য, আইন তার নিজস্ব নিয়মেই কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *