ইংরেজবাজারের চেয়ারম্যান পদ ছাড়লেন কৃষ্ণেন্দু, ‘দুর্নীতির ভয়ে পলায়ন’ কটাক্ষ বিজেপির

ইংরেজবাজারের চেয়ারম্যান পদ ছাড়লেন কৃষ্ণেন্দু, ‘দুর্নীতির ভয়ে পলায়ন’ কটাক্ষ বিজেপির

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল পরিচালিত মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বুধবার দুপুরে পুরসভার ‘বোর্ড অফ কাউন্সিলর’-এর ১৪ জন সদস্যের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র পেশ করেন। একই সঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং সচিবকে ইমেল মারফত নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি।

কৃষ্ণেন্দুর এই পদত্যাগের পরেই রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, পুরসভায় একের পর এক দুর্নীতি, সরকারি অর্থ তছরূপ এবং পুরপরিষেবার ব্যর্থতার দায় এড়াতেই তড়িঘড়ি পদ ছেড়ে পালাচ্ছেন বিদায়ী চেয়ারম্যান। পুরসভা সূত্রে জানা গেছে, বিদ্যুতের বকেয়া ৭ কোটি টাকা এবং ঠিকাদারদের বকেয়াসহ মোট ১৫ কোটি টাকারও বেশি দেনার বোঝা রয়েছে পুরসভার ঘাড়ে। বিজেপির দাবি, এতদিন ক্ষমতায় থাকার সুবাদে অনিয়ম ঢাকা থাকলেও, এখন হিসেব নিয়ে প্রশ্ন উঠতেই গা ঢাকা দেওয়ার চেষ্টা চলছে।

তবে বিজেপির এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ১৯৯০ সালে কংগ্রেসের হয়ে কাউন্সিলর হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক ও রাজ্যের পর্যটন মন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হলেও তিনি পুরসভার চেয়ারম্যান পদেই বহাল ছিলেন। রেকর্ড ৫ বারের এই পুরপ্রধান জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে জটিল পরিস্থিতির কারণে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। পদত্যাগের কারণ গোপন রাখলেও তিনি স্পষ্ট জানান, রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না এবং উপযুক্ত সময়েই নিজের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *