‘গেরুয়ার অপমান সহ্য নয়’, যাদবপুর প্রাঙ্গণে ৩ দিনের বিশেষ শিবিরের ঘোষণা

‘গেরুয়ার অপমান সহ্য নয়’, যাদবপুর প্রাঙ্গণে ৩ দিনের বিশেষ শিবিরের ঘোষণা

যাদবপুর: যাদবপুরের মাটিতে এবার বেজে উঠছে আধ্যাত্মিক ও জাতীয়তাবাদী চেতনার সুর। রাষ্ট্রীয় ঐতিহ্য ও গেরুয়ার অবমাননার জবাব দিতে যাদবপুর প্রাঙ্গণে তিন দিনব্যাপী বেদ, গীতা এবং হনুমান চালিশা পাঠের বিশেষ শিবিরের আয়োজন করতে চলেছে ‘পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদ’।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বিজেপি ও বাম ছাত্র সংগঠনগুলির সংঘাতকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ একলপ্তে অনেকটাই বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে বিতর্কিত গ্রাফিটি আঁকা ও দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে পদ্ম শিবির সরব হওয়ার পর থেকেই সংঘাত চরম আকার নেয়। এর মাঝেই সংবাদমাধ্যম ও বিরোধী নেতাদের একাংশের বিরুদ্ধে গেরুয়া রঙকে অপমান করার অভিযোগ তুলে সরব হন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, রাখী পূর্ণিমার দিন যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে ‘১০ হাজার কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিতে যোগ দিয়েও তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। অতীতে কমিউনিস্ট আমলে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র বা নেতাজির মতো মনীষীদের অপমান করার প্রসঙ্গ তুলে ধরে বাম ও শাসকদলকে একযোগে বিঁধেছেন তিনি।

সেই ধারাবাহিকতা বজায় রেখেই ‘গেরুয়া সম্মান যাত্রা’ শেষে নতুন এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দেশের ভেতরের রাষ্ট্রবিরোধী শক্তিকে আধ্যাত্মিক ও জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে জবাব দিতেই এই উদ্যোগ। সনাতন সংস্কৃতি পরিষদের ডাকে আয়োজিত এই অনুষ্ঠানে সমস্ত রাষ্ট্রবাদী মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *