নাগোয়ায় প্রলয়ঙ্করি বন্যা: নিরাপদ অ্যাথলিটরা, এশিয়ান গেমসের লড়াইয়ে প্রস্তুত ভারত!

আয়চি-নাগোয়া (জাপান): আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০-তম এশিয়ান গেমসের ঠিক ১০ দিন আগে ভয়াবহ বন্যার কবলে পড়েছে জাপানের আয়চি-নাগোয়া। প্রলয়ঙ্করি বৃষ্টির জেরে শহরটির বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে এবং ব্যাহত হয়েছে বাস ও মেট্রোরেল পরিষেবা। তবে উদ্বেগের আবহেই স্বস্তির খবর— এশিয়ান গেমস উপলক্ষে নাগোয়ায় ইতিমধ্যেই পৌঁছে যাওয়া প্রায় ৪০০ জন অ্যাথলিট ও কর্মকর্তাকে নিরাপদে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্লাবিত অঞ্চলগুলো থেকে প্রায় ৩,৫০০ বাসিন্দাকে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে। জলের তলায় চলে গেছে বেশ কিছু সড়ক ও মেট্রো স্টেশন। তবে গেমসের মূল ভেন্যুগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া আশ্বস্ত করে বলেছেন, “ভেন্যুগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। নির্ধারিত সূচি অনুযায়ী গেমস আয়োজনে কোনো সমস্যা হবে না।” আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
ভারতের ৭৬৮ সদস্যের মেগা কন্টিনজেন্ট এবারের এশিয়ান গেমসে ভারত পাঠাচ্ছে ৭৬৮ সদস্যের বিশাল দল। ক্রীড়া মন্ত্রক অনুমোদিত এই তালিকায় ৩৬টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন ৫০৩ জন অ্যাথলিট এবং তাঁদের সহায়তায় থাকছেন ২৪৬ জন কোচ ও কর্মকর্তা। ভারতীয় দলের ‘শেফ দ্য মিশন’ হিসেবে দায়িত্ব সামলাবেন সহদেব যাদব এবং চিফ মেডিক্যাল অফিসার থাকছেন ড. দিনশ পারদিওয়ালা। তবে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।
খেলাভিত্তিক বড় দল ও কোচিং স্টাফ:
- অ্যাথলেটিক্স: ভারতের ৭৯ জন অ্যাথলিটের জন্য রাখা হয়েছে সর্বাধিক ৩১ জন সাপোর্ট স্টাফ (যার মধ্যে ২০ জন কোচ)। জাতীয় কোচ পি আর রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই কোচিং বিভাগে থাকছেন জয় চৌধুরী, ইশান মারওয়াহা ও জেমস হিলিয়ার।
- ক্রিকেট: সোনা ধরে রাখার লক্ষ্যে নামা পুরুষ ও মহিলা ক্রিকেট দলের জন্য ২০ জন সাপোর্ট স্টাফ বরাদ্দ করা হয়েছে। পুরুষ দলের দায়িত্বে থাকছেন প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ এবং মহিলা দলের দায়িত্বে অমল মুজুমদার। টিম লিডার মারুফ ফজান্দার।
- শুটিং ও ব্যাডমিন্টন: অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকেরের নেতৃত্বাধীন শুটিং দলের সঙ্গে থাকছেন ১৭ জন সাপোর্ট স্টাফ। অন্যদিকে ২০ সদস্যের ব্যাডমিন্টন দলের সঙ্গে থাকছেন জাতীয় কোচ পুল্লেলা গোপীচাঁদ, ইরওয়ানসিয়াহ এবং তান কিম হের।
- হকি: পুরুষ ও মহিলা হকি দলের ৪০ জন খেলোয়াড়ের জন্য ১৪ জন সাপোর্ট স্টাফ অনুমোদন করা হয়েছে।