পানের বরজে বীভৎস দৃশ্য! হাত-পা বাঁধা অবস্থায় মহিলার দেহ উদ্ধার

ময়না: পানের বরজের ভেতর থেকে মুখ, হাত ও পা বাঁধা অবস্থায় এক প্রৌঢ়ার দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের ময়নায়। বুধবার সকালে ময়না ব্লকের পূর্ব দক্ষিণ ময়না গ্রামের নিউ প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় বিভৎস এই দৃশ্য দেখতে পান স্থানীয় এক বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম রাধারানী অধিকারী (৪৭)। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং এলাকায় ঘুরে বেড়াতেন। বুধবার সকালে অরূপ জানা নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের পানের বরজে কাজ করতে যান। ভেতরে ঢুকতেই হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং তড়িঘড়ি ময়না থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে ময়না থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্কদীপ হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখে এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন বলেই প্রাথমিক ধারণা পুলিশের। মৃত্যুর আগে ওই মহিলার ওপর কোনো শারীরিক নির্যাতন চালানো হয়েছিল কি না এবং এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল ঘিরে রেখে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।