চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে ৪ লাখ লুট! ৩০ মিনিটেই বাজিমাত নাগপুর পুলিশের
ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্রায় ৪ লক্ষ টাকা লুটের চাঞ্চল্যকর ঘটনা ঘটল মহারাষ্ট্রের নাগপুরে। তবে দুষ্কৃতীর আনন্দ বেশিখন স্থায়ী হয়নি; সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার মাত্র ৩০ মিনিটের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে লুটের সমস্ত টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নাগপুরের একটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) শাখায় এক যুবক সাধারণ গ্রাহক সেজে ভিতরে ঢোকে। সোজা ক্যাশ কাউন্টারের সামনে গিয়ে ব্যাঙ্ক কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই তাঁদের মুখে-চোখে লঙ্কার গুঁড়ো ছিটায়। তীব্র জ্বালা ও যন্ত্রণায় কর্মীরা ছটফট করতে শুরু করলে ব্যাঙ্কে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে ক্যাশ কাউন্টার থেকে নগদ ৪ লক্ষ টাকা ব্যাগে ভরে চম্পট দেয় ওই যুবক।
তবে পুরো ঘটনাটি ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে। ঘটনার খবর পেয়েই সাক্কারদারা থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিরুনি তল্লাশি শুরু করে। পুলিশি তৎপরতায় অপরাধ সংঘটিত হওয়ার মাত্র আধ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করা সম্ভব হয়।
ধৃত যুবকের নাম সুরজ ভোজরাজ বোরকর (২৮)। সে নাগপুরেরই গ্রামীণ এলাকার বাসিন্দা। তার কাছ থেকে লুট হওয়া সম্পূর্ণ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত কেন এই লুটের পরিকল্পনা করেছিল এবং এর পেছনে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।