বারুইপুর জেলে চাঞ্চল্য: রক্ষীদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে সোজা বাড়িতে, ফের ধরা পড়লেন বন্দি!

বারুইপুর সংশোধনাগার থেকে পঁচিশ বছরের এক বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ করল জেল কর্তৃপক্ষ। ঘটনার সময় কর্তব্যে গাফিলতির অভিযোগে দুই কারারক্ষীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে।
পুলিশ ও জেল সূত্রে জানা গিয়েছে, অম্বর আলি নস্কর নামের ওই যুবক একটি মামলায় বারুইপুর সংশোধনাগারে বন্দি ছিলেন। গত বৃহস্পতিবার হঠাত্ই কারারক্ষীদের চোখে ধুলো দিয়ে জেল থেকে চম্পট দেন তিনি। সেলে বন্দি না থাকায় কারারক্ষীদের মধ্যে শোরগোল পড়ে যায় এবং তৎক্ষণাৎ থানায় এফআইআর দায়ের করা হয়।
দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার খোলাখালি আড্ডাবাড়ি এলাকার বাসিন্দা অম্বরের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, জেল থেকে পালিয়ে সোজা নিজের বাড়িতেই লুকিয়ে রয়েছেন অম্বর। এরপর তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার রাতেই তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে ফের বারুইপুর সংশোধনাগারে ফিরিয়ে আনা হয়।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠায় নড়েচড়ে বসে জেল প্রশাসন। কার গাফিলতিতে এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বন্দি পালিয়ে গেল, তা খতিয়ে দেখতে গিয়েই ওই দুই কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনার নেপথ্যে অন্য কারও যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।