ওসামা বিন লাদেনের নিশানায় ছিল ভারতও! ৯/১১-র ২৫ বছর পর চাঞ্চল্যকর তথ্য ফাঁস সিআইএ-র

আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ ৯/১১ হামলার ২৫ বছর পূর্তির প্রাক্কালে প্রকাশে এল এক চাঞ্চল্যকর তথ্য। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ (CIA)-র সম্প্রতি প্রকাশিত ৭টি প্রেসিডেন্সিয়াল ইন্টেলিজেন্স ব্রিফ ও একশোটিরও বেশি গোপন নথি থেকে জানা গিয়েছে, শুধু পশ্চিমা দেশগুলিই নয়, ভারতের ওপরও বড়সড় হামলার ছক কষেছিলেন তৎকালীন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন।
নথির তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালের ২৮ আগস্টের একটি প্রেসিডেন্সিয়াল ব্রিফে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, লাদেন ভারতসহ একাধিক দেশে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। “বিন লাদেন টেররিস্ট নেটওয়ার্ক স্টিল আ থ্রেট” শীর্ষক ওই নথিতে ভারত ছাড়াও পাকিস্তান, মিশর, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, উগান্ডা এবং নাইজেরিয়ার নাম রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কোনো ভারতীয় লক্ষ্যবস্তু বা আক্রমণের সুনির্দিষ্ট পরিকল্পনার বিশদ বিবরণ গোপন রাখা হয়েছে। গোয়েন্দা রিপোর্ট জানাচ্ছে, উত্তর আমেরিকা, ইউরোপ ও পূর্ব এশিয়ায় লাদেনের শক্তিশালী নেটওয়ার্ক মার্কিন স্বার্থে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিল।
সিআইএ-র মূল্যায়ন বলছে, আফগানিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পরেও ওসামা বিন লাদেন এবং অন্যান্য শীর্ষ জঙ্গিরা বেঁচে যান এবং তাঁদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অক্ষত ছিল। আফগানিস্তানের বেশ কিছু জঙ্গি প্রশিক্ষণ শিবির পুনরায় চালু হওয়ার পাশাপাশি নিরাপদ স্থানেও স্থানান্তরিত করা হয়। বিশ্বজুড়ে অন্তত ৬০টি দেশের সহযোগী গোষ্ঠী ও ব্যক্তিদের মাধ্যমে একযোগে হামলা চালানোর সামর্থ্য ছিল লাদেনের।
উল্লেখ্য, ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জর্জ ডব্লিউ বুশকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা নিয়ে একাধিকবার সতর্ক করেছিল গোয়েন্দা সংস্থাটি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার ১৯ জন জঙ্গি ৪টি বিমান হাইজ্যাক করে হামলা চালায়। যার মধ্যে দুটি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার গুঁড়িয়ে দেয়, একটি পেন্টাগনে আঘাত হানে এবং চতুর্থ বিমানটি পেনসিলভেনিয়ার মাঠে ভেঙে পড়ে। মার্কিন ইতিহাস ও ৯/১১ ট্র্যাজেডির প্রেক্ষাপট উন্মোচনে সিআইএ-র এই নতুন তথ্য প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।