‘প্রযুক্তি ও খনিজকে অস্ত্র করবেন না’, ব্রিকস মঞ্চে কড়া সতর্কবার্তা মোদীর

বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রযুক্তি এবং খনিজ সম্পদকে রাজনৈতিক বা অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, এই ধরনের সংকীর্ণ পদক্ষেপ উন্নয়নশীল দেশগুলির সার্বিক সমৃদ্ধি ও যৌথ অগ্রগতিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
দু’দিনব্যাপী এই সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতো বিশ্বনেতারা উপস্থিত ছিলেন। বৈশ্বিক অস্থিরতা ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর তার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় ৪৫ শতাংশ জনসংখ্যা এবং ৪০ শতাংশ জিডিপির প্রতিনিধিত্বকারী এই ব্রিকস গোষ্ঠী আজ বিশ্বমঞ্চে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
ভাষণে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ব্রিকস আজ ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল দেশগুলির কাছে আস্থার এক নির্ভরযোগ্য কেন্দ্র। কারণ এই মঞ্চে ছোট-বড় প্রতিটি দেশের মতামতকে সমান গুরুত্ব দেওয়া হয় এবং পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সমস্যার সমাধান করা হয়। কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে, সমস্ত মতভেদ ভুলে মানবকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে বিশ্বকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।