সালারে জুয়ার ঠেকে পুলিশি হানায় বোমাবাজি, দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত এএসআই

সালারে জুয়ার ঠেকে পুলিশি হানায় বোমাবাজি, দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত এএসআই

মুর্শিদাবাদের সালার থানার খাঁড়েরা গ্রামে রবিবার রাতে একটি জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের বোমার মুখে পড়ল পুলিশ। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন সালার থানার এএসআই সাদেক আলি। বর্তমানে তাঁকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাঁড়েরা গ্রামে অবৈধ জুয়ার আসর বসার গোপন খবর পেয়ে রবিবার রাতে সেখানে হানা দেয় সালার থানার একটি দল। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে এবং সেই সময় পুলিশকে লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে। এই আকস্মিক হামলায় গুরুতর জখম হন এএসআই সাদেক আলি। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

এই ঘটনার খবর পেয়ে রাতেই খাঁড়েরা গ্রামে ছুটে যান মুর্শিদাবাদ পুলিশ জেলার পদস্থ আধিকারিকরা। অভিযুক্তদের ধরতে রাতেই শুরু হয় জোরদার তল্লাশি অভিযান। পুলিশের প্রাথমিক সূত্র অনুযায়ী, এই হামলার ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

সোমবার সকালে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য গোটা খাঁড়েরা গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জুয়ার ঠেকে পুলিশকে লক্ষ্য করে ঠিক কী কারণে এই পূর্বপরিকল্পিত হামলা চালানো হলো এবং এর নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে সালার থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *