গামছার ফাঁসে ৫৭ বছরের পুলিশ কর্মকর্তা, হাবরায় এসআই-এর রহস্যমৃত্যু
হাবরা: পুলিশ ব্যারাকের ভেতর থেকে এক সাব-ইনস্পেক্টরের (এসআই) ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হাবরা থানায়। মৃতের নাম বিশ্বনাথ সেন (৫৭)। তিনি বারাসাত জেলা পুলিশের অধীনে হাবরা থানায় এসআই পদে কর্মরত ছিলেন। রহস্যজনক এই মৃত্যুর আসল কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বারাসাত আদালতে ডিউটিতে যাওয়ার কথা ছিল বিশ্বনাথবাবুর। কিন্তু সকাল থেকেই তাঁকে থানা চত্বরে দেখতে না পেয়ে সহকর্মীদের সন্দেহ হয়। বারবার তাঁর ফোনে যোগাযোগ করা সত্ত্বেও কোনো সাড়াশব্দ মেলেনি। এরপরই সহকর্মীরা ব্যারাকে তাঁর ঘরের সামনে পৌঁছান। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ আরও গভীর হয়।
অবশেষে সহকর্মীরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকেন এবং জানালার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিশ্বনাথবাবুকে ঝুলতে দেখেন। দ্রুত তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি।
ঘটনার পরেই মৃতদেহ উদ্ধার করে বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোনো মানসিক অবসাদ, নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানাচ্ছে হাবরা থানার পুলিশ।