বাসে উঠলেই কি এবার খসবে ২০ টাকা? পুজো মিটলেই ভাড়া বাড়ানোর আশ্বাস পরিবহণমন্ত্রীর

বাসে উঠলেই কি এবার খসবে ২০ টাকা? পুজো মিটলেই ভাড়া বাড়ানোর আশ্বাস পরিবহণমন্ত্রীর

রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি এখন শুধুই সময়ের অপেক্ষা। দুর্গাপুজোর পরই ভাড়া বাড়ানোর বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে স্পষ্ট ইঙ্গিত দিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সোমবার ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট’, ‘সিটি সাবআরবান সার্ভিস’ এবং ‘পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে এই কথা জানান তিনি।

ময়দান টেন্টে পরিবহণ দফতর ও বাস মালিক সংগঠনগুলির এই বৈঠকে মন্ত্রী স্বীকার করে নেন যে, রাজ্যে বাস ভাড়া বাড়ানো অনেক আগেই উচিত ছিল। তবে ভাড়া বৃদ্ধির বিনিময়ে যাত্রীসেবার মান উন্নত করার ওপর তিনি কড়া বার্তা দেন। তিনি জানান, ভাড়া বাড়লে বাস পরিচালকদের রাস্তায় আরও উন্নতমানের পরিষেবা ও শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নামাতে হবে। পাশাপাশি, লোকসানে চলা সরকারি পরিবহণ সংস্থাগুলিরও ভাড়া পুনর্বিবেচনা করা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন অর্জুন সিং।

বাস মালিকদের মূল দাবি ও বর্তমান সঙ্কট:

  • ন্যূনতম ২০ টাকা ভাড়া: বর্তমানে প্রথম ধাপের সরকারি নির্ধারিত ভাড়া ৭ টাকা হলেও বাস্তবে ১০ টাকা নেওয়া হচ্ছে। বাস মালিকদের দাবি, ২০১৮ সালের পর আর ভাড়া বাড়েনি। দীর্ঘ ৮ বছর পর ডিজেলের দাম ও রক্ষণাবেক্ষণ খরচ যেভাবে বেড়েছে, তাতে ২০২৬ সালে দাঁড়িয়ে ন্যূনতম ভাড়া ২০ টাকা না করলে বাস চালানো আসাম্ভব।
  • জরিমানা ও বকেয়া ছাড়: ‘বাহন’ (VAHAN) সংক্রান্ত বকেয়া জরিমানা এবং মাশুলের (টোল) হারের পার্থক্যের কারণে বাস মালিকরা আর্থিক সংকটে পড়েছেন। বৈঠকে বকেয়া জরিমানা মকুবের জন্য এককালীন ছাড়ের দাবি জানানো হয়েছে।
  • রাস্তায় বাস হ্রাস: ডিজেলের লিটারপ্রতি ১০০ টাকা পার হওয়া এবং যাত্রীসংখ্যার হ্রাসের কারণে কলকাতায় কোভিডের আগের ৬,০০০ বাসের জায়গায় বর্তমানে মাত্র ৩,৫০০টির মতো বাস চলছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে অনেক মালিকই বাধ্য হয়ে রুট পুনর্বিন্যাস করছেন।

বৈঠকে জরিমানা ও টোল সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিলেও, বাস পরিচালকদের জন্য এককালীন আর্থিক সহায়তার প্যাকেজ নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে পুজোর পর ভাড়াকাঠামো পর্যালোচনার আশ্বাসে নতুন করে আশার আলো দেখছেন বাস মালিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *