অন্যের প্যান দিয়ে ২৭৬ কোটির কারবার! ব্যাঙ্ক ম্যানেজারসহ জালে ৩

অন্যের পরিচয়পত্র ব্যবহার করে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং আড়াই কোটি টাকারও বেশি আয়কর ফাঁকির অভিযোগে এক ব্যাঙ্ক ম্যানেজার-সহ তিন জনকে গ্রেফতার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত ২০২২ সালে। বনগাঁ আদালতের ল’ক্লার্ক তথা গোপালনগরের বাসিন্দা মনোজিৎ বিশ্বাস প্রথমবার আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে জানতে পারেন, তাঁর নামে আগেই একটি ফাইল খোলা রয়েছে। অনুসন্ধানে উঠে আসে, ২০১৬ থেকে ২০১৯ অর্থবর্ষের মধ্যে কলকাতার একটি ফেডারেল ব্যাঙ্ক শাখায় তাঁর পরিচয় ব্যবহার করে প্রায় ২৭৬ কোটি টাকার লেনদেন চালানো হয়েছে। এর জেরে আয়কর দফতর থেকে মনোজিতের নামে ২ কোটি ৫৭ লক্ষ টাকা বকেয়া কর মেটানোর নোটিস পাঠানো হয়।
প্রশাসনিক স্তরে সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত বনগাঁ সাইবার ক্রাইম থানা ও আদালতের দ্বারস্থ হন মনোজিৎ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মনোজিতের আসল প্যান ও ভোটার কার্ড নম্বর ব্যবহার করা হলেও ছবি, ঠিকানা ও স্বাক্ষর জাল করা হয়েছিল।
এই প্রতারণা চক্রের সঙ্গে ব্যাঙ্কের তৎকালীন ম্যানেজারের প্রত্যক্ষ ভূমিকা সামনে এসেছে। পুলিশ অভিযান চালিয়ে হুগলির রিষড়া থেকে ভুয়া পরিচয় ধারণকারী ব্যক্তি, সংশ্লিষ্ট ব্যাঙ্ক ম্যানেজার এবং যার নামে চেক কেটে টাকা তোলা হতো—এই তিন জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বনগাঁ আদালতে পেশ করা হয়েছে। এই বিশাল আর্থিক কারচুপির নেপথ্যে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্ত জারি রয়েছে।