বাড়ি কেনার স্বপ্নে ২৭ লাখ চুরি, রাজস্থানের মন্দিরে গ্রেফতার চতুর চালক

নিজের একটি নতুন বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে মালিকের ঘর থেকে ২৭ লক্ষ টাকা চুরি করে চম্পট দিয়েছিল প্রাক্তন চালক রোহিত সিং কোসে। কিন্তু অপরাধ করে পার পেল না সে; প্রযুক্তিগত নজরদারি চালিয়ে রাজস্থানের এক বিখ্যাত মন্দির প্রাঙ্গণ থেকেই তাকে গ্রেপ্তার করল ইন্দোরের রাউ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী গৌরমের বাড়িতে দীর্ঘদিন কাজ করার সুবাদে চালক রোহিতের জানা ছিল নগদ টাকা কোথায় রাখা থাকে। সেই সুযোগ কাজে লাগিয়েই প্রায় ২৭ লাখ টাকা হাতিয়ে ইন্দোর থেকে সোজা রাজস্থানে পালিয়ে যায় সে। তবে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং সাইবার সেলের সহায়তায় অভিযুক্তের অবস্থান প্রতিনিয়ত ট্র্যাক করতে থাকে। শেষপর্যন্ত রাজস্থানের বিখ্যাত সানওয়ারিয়া শেঠ মন্দিরের সামনে পৌঁছালে তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশের বিশেষ দল।
জিজ্ঞাসাবাদে রোহিত কবুল করেছে, নিজের বাড়ি কেনার অনিয়ন্ত্রিত ইচ্ছে থেকেই সে এই চুরির ছক কষেছিল। ইন্দোরের ডিসিপি নরেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া অভিযুক্তের কাছ থেকে চুরি যাওয়া অর্থের সিংহভাগ—২৪ লক্ষ ৫০ হাজার টাকা ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।