বাচ্চার খাবার কেনার আগে সাবধান! নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে ৩ মামলা FSSAI-এর

শিশুর জন্য খাবার কেনার সময় প্যাকেটের গায়ে লেখা উপাদান বা দাবিগুলো আমরা কতটা খুঁটিয়ে দেখি? অধিকাংশ সময় ব্র্যান্ডের ওপর ভরসা করেই কেনাকাটা সারেন অভিভাবকেরা। তবে সম্প্রতি নেসলে ইন্ডিয়ার (Nestle India) বেশ কিছু জনপ্রিয় শিশুখাদ্যের (Baby Food) প্যাকেজিং ও বিজ্ঞাপন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে দেশের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ সংস্থা (FSSAI)। নেসলের বিরুদ্ধে ৩টি পৃথক মামলা দায়ের করেছে এই নিয়ন্ত্রক সংস্থা।
ঠিক কী অভিযোগ তোলা হয়েছে?
অনলাইনে বিক্রি হওয়া নেসলের জনপ্রিয় দুটি শিশুখাদ্য— ‘ন্যান এক্সেল্লা প্রো স্টেজ ১’ এবং ‘ল্যাকটোজেন প্রো ১’-এর প্রচার খতিয়ে দেখার পরেই বিষয়টির সূত্রপাত।
- বিজ্ঞাপন ও লেবেলিং বিতর্ক: নেসলে দাবি করেছিল, ‘ন্যান’-এর প্যাকেটে বিশেষ দুধের প্রোটিন ও ৫টি বিশেষ উপাদান রয়েছে। অন্যদিকে ‘ল্যাকটোজেন’-এর ক্ষেত্রে দাবি করা হয়েছিল এর প্রোটিন নাকি অতি সহজে হজম হয়। FSSAI-এর স্পষ্ট বক্তব্য, ভারতের আইনে শিশুখাদ্যের প্রচার ও লেবেলিং সংক্রান্ত অত্যন্ত কড়া নিয়ম রয়েছে। এমন কোনও মুখরোচক দাবি বা প্রচার করা আইনি অপরাধ, যা দেখে অভিভাবকদের মনে হতে পারে এটি মাতৃস্তন্যের বিকল্প বা অতিরিক্ত উপকারী।
- ভিটামিনের তারতম্য: অন্য মামলাটি করা হয়েছে নেসলের একটি ‘ফলো-আপ ফর্মুলা’ পণ্যের নমুনা নিয়ে। এফএসএসএআই-এর পরীক্ষায় দেখা গেছে, এতে বায়োটিন (ভিটামিন বি৭)-এর পরিমাণ সরকারি নিয়মের সঙ্গে মেলেনি। রেফারেল ল্যাবরেটরিতে দ্বিতীয়বার পরীক্ষা করা হলেও একই গরমিল ধরা পড়ে।
কী সাফাই দিচ্ছে নেসলে?
আইনি পদক্ষেপ প্রসঙ্গে নেসলে ইন্ডিয়া জানিয়েছে, তাদের সব পণ্যই নিয়ম মেনে তৈরি ও বিক্রি হয়। যেসব লেবেল বা দাবি নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলি FSSAI-এর বিশেষজ্ঞদের দ্বারাই আগে বৈজ্ঞানিকভাবে অনুমোদিত হয়েছিল। তারা ইতিমধ্যেই এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাকে বিস্তারিত জবাব পাঠিয়েছে।
আদালতেই চূড়ান্ত সিদ্ধান্ত
বর্তমানে বিষয়টি সম্পূর্ণভাবে আইনি ও তদন্তের পর্যায়ে রয়েছে। FSSAI মামলা করেছে মানেই অভিযোগ প্রমাণিত হয়ে গেছে—এমনটি বলা ভুল। আদালতের প্রক্রিয়া শেষ হলেই স্পষ্ট হবে সত্যিই নিয়ম ভাঙা হয়েছিল কি না। তবে এই ঘটনা স্পষ্ট করে দিল, বাচ্চার খাবারের ক্ষেত্রে ভিতরের উপাদানের পাশাপাশি প্যাকেটের গায়ে কো ম্পা নিগুলো ঠিক কী দাবি করছে, তাও পরখ করে নেওয়া অত্যন্ত জরুরি।