মাত্র ৪৬ বছর বয়সে চিরবিদায় সাংবাদিক পায়েল মেহতা, গভীর শোকপ্রকাশ মোদী-শাহ-রাহুলদের

মাত্র ৪৬ বছর বয়সে চিরবিদায় সাংবাদিক পায়েল মেহতা, গভীর শোকপ্রকাশ মোদী-শাহ-রাহুলদের

জাতীয় রাজনীতির অন্যতম চেনা মুখ এবং ‘সিএনএন নিউজ-১৮’ (CNN News18)-এর বিশিষ্ট সাংবাদিক পায়েল মেহতা আর নেই। মাত্র ৪৬ বছর বয়সে মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর এই আকস্মিক ও অকাল প্রয়াণে সাংবাদিকতা জগৎ থেকে শুরু করে দেশের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কী ঘটেছিল শনিবার রাতে?
সূত্রের খবর, পেশাগত কারণে শনিবার রাতে মুম্বইয়ে অবস্থান করছিলেন পায়েল। রাত আনুমানিক ২টো নাগাদ হঠাৎই তাঁর তীব্র শারীরিক অস্বস্তি শুরু হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। রবিবার সকালে প্রবীণ সাংবাদিক শীলা ভট্ট সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে পায়েলের এই মর্মান্তিক প্রয়াণের খবর জানান।

রাজনৈতিক ব্যক্তিত্বদের গভীর শোক প্রকাশ:
পায়েলের অকাল প্রয়াণে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “পায়েল মেহতা ছিলেন এক অত্যন্ত পরিশ্রমী সাংবাদিক, যিনি গ্রাউন্ডে থেকে জাতীয় বিষয়গুলির এক সূক্ষ্ম ও গভীর অনুধাবন প্রতিবেদনে তুলে ধরতেন। কাজের বাইরেও তাঁর অমায়িক স্বভাব বহু মানুষের মন ছুঁয়েছিল। তাঁর এই আকস্মিক চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক।”

প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, বর্ষীয়ান সাংসদ জয়রাম রমেশ এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু গভীর সমবেদনা জানিয়েছেন।

ব্যক্তিগত জীবনেও ঘনিয়ে এসেছিল শোকের ছায়া:
সংসদের অলিন্দ, কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি নির্ধারণ কিংবা জাতীয় রাজনীতির যেকোনো গুরুত্বপূর্ণ খবর—সবক্ষেত্রেই দিল্লির চেনা পরিচিত নাম ছিলেন পায়েল। তবে পেশাগত সাফল্যের মধ্যেও ব্যক্তিগত জীবনে সম্প্রতি এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। গত মাসেই (২২ আগস্ট) নিজের বাবা ভূপত হরিলাল মেহতাকে হারিয়েছিলেন তিনি। পিতার মৃত্যুর ঠিক এক মাসের মাথায় নিজের এই চিরবিদায় মেনে নিতে পারছেন না তাঁর পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *